আমি প্রাণিবিদ্যার ছাত্র হলেও, সবচেয়ে বেশি হৃদ্যতা ছিল পরিবেশবিজ্ঞানের ৪৬ ব্যাচের সঙ্গে। কিছুদিন আগে হঠাৎ একদিন Fahim Hossen ফোন দিয়ে জানালো, "রাজ আর নেইরে!" শুনে মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। দুনিয়ার কিছু নিয়ম হয়তো না বুঝেও মেনে নিতেই হয়। এটা তেমনি একটা নিয়ম।
২২ জুন ২০২৫, স্মার্ট কার্ড আনতে যাচ্ছিলাম বাড়িতে। ভালুকা পার হয়ে ত্রিশালে ঢুকতেই হঠাৎ এক তীব্র হার্ড ব্রেক। গাড়ি একপাশে হেলে পড়লো। যাত্রীদের আর্তনাদ, কেউ কেউ হালকা আঘাত পেয়েছে। এক্সেল ভেঙে গিয়েছিল চলন্ত বাসের। আল্লাহর রহমতে ও চালকের বিচক্ষণতায় বড় কোনো ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ।
২৬ জুন, হঠাৎ ছোট বোন ফোন দিলো। স্বাভাবিকভাবে কেমন আছিস জিজ্ঞেস করলাম। কোন উত্তর না দিয়েই জানালো তার ভাসুরের যমজ ছেলেদের একজন বজ্রপাতে মারা গেছে। শুনেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
কি সুন্দর, ফুটফুটে ছেলে দুটি! যেমন ভদ্র, তেমন মিষ্টভাষী।
যাওয়া হয়নি ব্যস্ততার কারণে, কিন্তু হৃদয়ের গহীনে সারাক্ষণ একটা হাহাকার বাজছিল।
২৭ জুন দুপুরে ভাই ফোন করলো। কণ্ঠেই বোঝা যাচ্ছিল কিছু একটা লুকাচ্ছে। জিজ্ঞেস করতেই বললো আব্বা, আম্মু ফুফির বাসা হতে একসাথে ফিরছিলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। তেমন গুরুতর নয়, তবে আম্মুর হাতে, পায়ে, মাথায়, আর আব্বুর বুকে, পায়ে আঘাত লেগেছে। শুনে নিজের অবস্থানটাই হারিয়ে ফেলেছিলাম। যেন চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারছিলাম না।
গতকাল বিকেলে ভীষণ মন খারাপ ছিল। কোনো কাজ ছিল না, তাই চুপচাপ চলে গিয়েছিলাম বনানী কবরস্থানে।
হাজারো কবর সারি সারি। এখানেই ঘুমিয়ে আছেন কারও মা, কারও বাবা, কারও ভাই-বোন, কিংবা অতি আদরের সন্তান। হেঁটে চলেছিলাম একা। চোখে পড়ছিল পাকা কবর, কখনও মাটির। কিছু কবরের পাশে নামফলক, কিছু আবার একেবারে নিঃশব্দ।
দূরে দেখি নতুন একটা কবর খোঁড়া হচ্ছে। হয়তো সেখানে চির বিদায় দেওয়া হবে কারো প্রাণপ্রিয় মা-বাবা, কারো ভাই বা বোন কিংবা একটি শিশুর নিথর দেহ।
হালকা বৃষ্টি হচ্ছিল, আমি ভিজছিলাম। আর ভাবছিলাম এই দুনিয়াটা কি অদ্ভূত! ভুলে যাওয়াই দুনিয়ার নিয়ম।
রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা বারবার মনে হচ্ছিল।
একদিন আমিও হারিয়ে যাবো, হয়তো খুব দ্রুত বা খানিক বাদে। কিছুদিন মনে রাখবে হয়তো প্রিয়জনেরা, তারপর...?
ভুলেই যাবে সবাই।
ভাবি, কী অর্জন করলাম এই জীবনের মিছিলে?
চলে যাওয়ার সময় সাথে নিয়ে যাবো কী?
এখন নিজেকে একজন ভিখারী মনে হয়। সব পেয়েও যেন শূন্য, সব থাকার মাঝেও হারিয়ে যাওয়া মানুষ।
Md. Mujammel Haque
Subscribe to:
Post Comments
(
Atom
)

May Allah save us
ReplyDelete