Header Ads

I am mujammel
আমরা ছয় ভাই-বোন, বড় হয়েছি এক প্রত্যন্ত অথচ অপার মায়ায় মোড়া গ্রামের কোলে। যেখানে সন্ধ্যা নামলেই উঠোনে চাটাই বিছিয়ে শুরু হতো গল্পের মেলা। কখনো দাদু গল্প করতেন তার ছেলেবেলার, কখনো রুপকথার, কখনো বা ঝুলার গল্প। আর আমরা তখন হাঁ করে শুনতাম মুখে মুগ্ধতা, চোখে বিস্ময় নিয়ে। ঘুমাতে যাওয়ার সময় শুরু হতো আরেক যুদ্ধ, কে থাকবে দাদুর পাশে। আমরা যেন প্রতিদিনই দাদুর আদরের জন্য এক স্নায়ুবিক যুদ্ধ করতাম। কখনো এক বিছানায় গাদাগাদি করে ছয়জনই ঘুমাতাম, কখনো দুই দলে ভাগ হয়ে ঠেলাঠেলি। আর তখন বিদ্যুৎ না থাকায় সেই হাতপাখার বাতাস মনে হতো স্বর্গ থেকে নেমে আসা জান্নাতি হাওয়া। দাদু রাতভর আমাদের গায়ে বাতাস করে যেতেন। আমাদের কল্পনার গল্প আর বাস্তবের বাতাস মিলেমিশে তৈরি হতো এক স্বপ্নপুরী। সময়ের স্রোতে আমরা ভেসে গেছি ভিন্ন ভিন্ন জায়গায়, একেকজন এক এক শহরে। এখন একমাত্র ঈদেই সুযোগ মেলে আবার এক উঠোনে ফিরে আসার। আজ সেই দিন। রাতে খাওয়া-দাওয়ার পর সবাই বসেছি সেই পুরনো উঠোনে, যেন একবার হলেও ছুঁয়ে দেখা যায় পুরনো দিনের ধুলো মাখা আনন্দকে। অনেক অনুরোধে দাদুকে গল্প বলাতে রাজি করালাম। আমরা কেউ কেউ গল্পের কিছু অংশ মনে করে দিচ্ছি, আবদার করছি পুরোটা বলার জন্য। দাদুও চেষ্টা করছেন নিজের মতো করে বলে যেতে। চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে, পাশের পুকুর হতে ব্যঙ্গের ডাক আর জোনাকি পোকার ঝি ঝি ডাক যেন গল্পের সাথে সুরের তাল মিলাচ্ছে। আম্মা ইতিমধ্যে কয়েকবার চা, বাদাম নিয়ে এসেছেন। হাতে ধরা সেই ধোঁয়াচ্ছন্ন কাপের উষ্ণতা যেন আগুন না, বরং স্মৃতির আঁচ। এখন রাত প্রায় দুইটা বাজে। চাঁদের আলোয় ভরে গেছে পুরো উঠোন। আমারা চাদের আলোয় বসে আছি দাদুর চারপাশে, এখনো গল্প চলছে। আর আমি এই মুহূর্তগুলোর ছবি আঁকছি শব্দের ক্যানভাসে। ঘড়ির কাঁটা চলে, কিন্তু সময় থেমে আছে। চারদিকে কেবল নিঃশ্বাস, স্মৃতি আর ভালোবাসা। ''রাত গভীর হচ্ছে, এ যেন হাজার বছরের পুরনো এক রাত'', যেখানে গল্পগুলো এখনো নিঃশব্দে বেঁচে আছে, আর আমরা আবারও একবার ছোট হয়ে গেছি, দাদুর পাশে, উঠোনের চাঁদে। এই ইদ ফিরে আসুক প্রতিটি মানুষের জীবনে যেখানে প্রাণের মানুষগুলোর সাথে সাক্ষাৎ হয়, হারিয়ে যাওয়া যায় সেই ছোটবেলায়............. সকলকে আবারো ইদ মোবারক। ৯ই জুন ২০২৫। Md. Mujammel Haque

No comments

Powered by Blogger.